প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
প্রথমবার বিগ ব্যাশে মুস্তাফিজ, নতুন ঠিকানা মেলবোর্ন রেনেগেডস

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
মূলত ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া অভিজ্ঞ পেসার জেসন বেহরেনডর্ফের পরিবর্তে মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। কাঁধের চোটের কারণে এবারের পুরো মৌসুমেই মাঠের বাইরে থাকতে হবে বেহরেনডর্ফকে।
মেলবোর্ন রেনেগেডসের হয়ে এবার মাঠ মাতাবেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলের মতো তারকারাও। তাদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করবেন বাংলাদেশের কাটার মাস্টার।
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। এখন পর্যন্ত ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচে ৪২৩টি উইকেট শিকার করেছেন তিনি। তবে এতদিন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার সুযোগ হয়নি এই পেসারের।
তবে টুর্নামেন্টের শুরু থেকেই রেনেগেডসের হয়ে মাঠে নামা হচ্ছে না তার। আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে দলের প্রথম ম্যাচে পাওয়া যাবে না তাকে। সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)।
বিগ ব্যাশে নতুন এই অধ্যায় নিয়ে বেশ উচ্ছ্বসিত মুস্তাফিজ। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে তিনি রোমাঞ্চিত। এমসিজিকে নিজের হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াকে বিশেষ অভিজ্ঞতা উল্লেখ করে সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় থাকার কথাও জানান তিনি।
এদিকে মুস্তাফিজকে দলে পেয়ে সন্তুষ্ট রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি। তার মতে, পাওয়ার প্লে এবং ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার ক্ষেত্রে মুস্তাফিজের দক্ষতা দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান