প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম বৈঠক শুরু

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও বেতন বৃদ্ধির দাবির মধ্যে নতুন করে গঠিত মজুরি বোর্ডের প্রথম বৈঠক শুরু হয়েছে। শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।
বোর্ডের শিল্প শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রম আইন অনুসারে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরির হার নির্ধারণে সুপারিশ তৈরিই এ সভার মূল উদ্দেশ্য।
এর আগে, পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে চলমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করে।
নতুন বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
শ্রম আইন অনুযায়ী, সংশ্লিষ্ট শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করে বোর্ড। এ ক্ষেত্রে শ্রম আইনের ১৩৯ ধারায় সরকারকে মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।
এ ছাড়া সম্প্রতি শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
এদিকে, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান