প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, পল্লবী থানায় তিনটি এবং মিরপুর মডেল ও কাফরুল থানায় একটি করে মামলা হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ট্রাফিক বক্স ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবারও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে থানায় তিনটি মামলা হয়েছে। তিনটি মামলারই বাদী পুলিশ।
তিনি জানান, প্রতিটি মামলায় অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিরপুর মডেল থানার মামলায় তিন হাজার এবং পল্লবী থানার তিন মামলায় মোট সাত থেকে সাড়ে সাত হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সব মিলিয়ে পাঁচ মামলায় আসামির সংখ্যা প্রায় সাড়ে ১০ হাজার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান