প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
এবার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এবার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার দুপুরে শ্রমিকদের এ কর্মসূচির কারণে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
জানা গেছে, ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। পরে প্রায় আধা ঘণ্টা পর তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচলে বিঘ্ন ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, অবরোধের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে একটি শ্রমিক সংগঠনের নেতা জানান, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা। এ দাবিতেই তারা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান