
দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের বড় ধরনের প্রভাব পড়েছে। এক দিনের ব্যবধানে মিরপুর, গাজীপুর, ময়মনসিংহ, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলের ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এসব কারখানার প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজ না করেই কর্মস্থল ত্যাগ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে পরবর্তী দিনেও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া অঞ্চলে সংগঠনটির সদস্যভুক্ত কারখানার সংখ্যা দুই হাজার ১৩৪টি। এর মধ্যে রোববার এক হাজার ৮১৬টি কারখানা চালু ছিল। তবে শ্রমিক অসন্তোষের কারণে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৫২৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
অঞ্চলভিত্তিক হিসাবে, মিরপুরে ৬৮টি কারখানার ৫১ হাজার ৬২৫ জন শ্রমিক কাজ না করে বেরিয়ে যান। গাজীপুর ও ময়মনসিংহে ২৭৬টি কারখানার ছয় লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং সাভার, আশুলিয়া ও জিরানী এলাকায় ১৮৫টি কারখানার দুই লাখ ৯০ হাজার ২০৫ জন শ্রমিক কর্মস্থল ত্যাগ করেন।
এদিকে উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা ও কারখানা চালু রাখার বিষয়ে রোববার বিকেলে বিজিএমইএ কমপ্লেক্সে সদস্য কারখানার মালিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ২৫০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। তারা প্রায় ৭০০টি কারখানার প্রতিনিধিত্ব করেন।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, কারখানাগুলো চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন মালিকরা। তবে উৎপাদন অব্যাহত রাখার উপযোগী পরিবেশ নিশ্চিত না হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। আপাতত পরবর্তী দিন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। এতে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ।
এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে তাদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। দ্রুত আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে উপযুক্ত মজুরি নির্ধারণ করা হবে। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন থেকে সরে এসে কাজে ফেরার আহ্বান জানান তিনি।
এদিকে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর, সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা।
সন্ধ্যায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের শিল্প উৎপাদন ও রপ্তানি কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সহিংসতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর অভিযোগ, নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীলতা তৈরির ইন্ধন দেওয়া হচ্ছে। এ ধরনের অপতৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
শ্রম অসন্তোষের অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শিল্প উদ্যোক্তারা। স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, একসঙ্গে ৫২৯টি কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
শিল্প মালিকদের মতে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। তবে এ বিষয়ে কার্যকর সমাধানে পৌঁছাতে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা এবং পারস্পরিক সমঝোতা প্রয়োজন। যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন যেন সহিংসতা বা নাশকতায় রূপ না নেয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় দেশের তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতার পাশাপাশি লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে।