প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপারের ইশারায় কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সুরক্ষা এবং জীবনমান উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শ্রমিকদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিতে ন্যূনতম মজুরি নির্ধারণের নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি কোনো একতরফা সিদ্ধান্তে নির্ধারিত হবে না। মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার ভিত্তিতে বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবারই বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে। অন্যথায় খুব শিগগিরই বৈঠকে বসে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু হবে।
তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শেষ করে শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা সম্ভব হবে। ডিসেম্বর পর্যন্ত এ প্রক্রিয়ার জন্য সময় রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান