বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ শাহজালাল ফারুক: বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় উৎপাদক,ব্যবসায়ী ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের (BSUA) মধ্যে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর ২০২৬ (রবিবার ) বিকাল ৩টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি এম কে আলম সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল (ফারুক), অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা আব্দুল জলিল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল আলম, শিল্পবিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন ও সদস্য মোঃ সালামত উল্লাহ।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার
সভাপতির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন,বক্তাদের জন্য নিরাপদ খাদ্য ব্যাবস্থা নিশ্চিত করতে সরকর অঙ্গীকার বদ্ধ,অতএব নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয় এটি রাষ্ট্র, উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা সহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত দায়িত্ব।বর্তমান বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা ও খাদ্যের মান নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়।তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ,পরিবহন ও বাজারজাতকরণ ব্যবস্থাকে আরও নিরাপদ ও মানসম্মত করতে হবে।
জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, খাদ্যে ভেজাল, অনিরাপদ উপাদানের ব্যবহার এবং অস্বাস্থ্যকর উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি প্রতিরোধে সচেতনতা,তদারকি ও আইনানুগ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে প্রকৃত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহযোগী হিসেবে বিবেচনা করতে হবে। তাঁদের যথাযথ দিকনির্দেশনা, সচেতনতা ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে উৎসাহিত করতে হবে।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মতো সংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
উদ্যোক্তাদের পাশে নিয়ে কাজ করার আহ্বান BSUA সভাপতির
বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি এম কে আলম সরকার তাঁর বক্তব্যে বলেন, দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে উৎপাদিত পণ্যের গুণগত মান, ভোক্তার অধিকার এবং জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে আমরা বিবেচনায় রাখবো।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে উদ্যোগ গ্রহণ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তবে এ উদ্যোগ বাস্তবায়নে উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি, আইন ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান এবং বাস্তবসম্মত দিকনির্দেশনা নিশ্চিত করা জরুরি।
তিনি বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের পক্ষ থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব ইতিবাচক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি উদ্যোক্তাবান্ধব পরিবেশ বজায় রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আইন বাস্তবায়নে সচেতনতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ
এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল (ফারুক) বলেন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের মধ্যে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে পর্যাপ্ত সচেতনতা থাকা অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে আইন সম্পর্কে অস্পষ্ট ধারণা, প্রয়োজনীয় তথ্যের অভাব এবং বিভিন্ন পণ্যের আওতা সম্পর্কে বিভ্রান্তির কারণে উদ্যোক্তারা সমস্যার সম্মুখীন হন।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্দেশ্যে আইন প্রয়োগের পাশাপাশি উদ্যোক্তাদের সঠিকভাবে আইন মেনে চলার সুযোগ তৈরি করতে হবে। কোন পণ্য খাদ্য হিসেবে বিবেচিত হবে, কোন পণ্য খাদ্যবহির্ভূত এবং কোন পণ্যের ক্ষেত্রে কোন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ বা অনুমোদন প্রযোজ্য—এসব বিষয়ে সুস্পষ্ট সরকারি নির্দেশনা ও লিখিত ব্যাখ্যা থাকলে উদ্যোক্তারা আরও দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী। উদ্যোক্তাদের সমস্যা, পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতা কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতা কার্যক্রমেও এসোসিয়েশন সক্রিয় ভূমিকা পালন করবে।
পরিকল্পিত উদ্যোগ ও সহযোগিতার আশ্বাস
এসোসিয়েশনের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা আব্দুল জলিল পাটোয়ারী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর নীতিমালা, নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় অপরিহার্য। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পণ্যের মানোন্নয়ন এবং আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করার মাধ্যমে একটি নিরাপদ ও জবাবদিহিমূলক উৎপাদনব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন দেশের শিল্প ও ব্যবসায়িক খাতের উন্নয়নের পাশাপাশি জনস্বাস্থ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের প্রত্যাশা
সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান এবং শিল্প ও ব্যবসায়িক খাতের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা কেবল আইন প্রয়োগের বিষয় নয়; বরং এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। সরকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ খাদ্যব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের এ মতবিনিময় সভাকে দেশের নিরাপদ খাদ্যব্যবস্থা উন্নয়ন, উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পারস্পরিক সহযোগিতার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।