প্রিন্ট এর তারিখঃ Oct 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
অনিয়ম–জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচওর পদ ছাড়লেন হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের তদন্ত চলার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ।
বুধবার রাতে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সায়মা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। তাঁর বিরুদ্ধে চীন সফরের ব্যয়সংক্রান্ত আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তদন্ত করছে ডব্লিউএইচও। তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন তিনি।
২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলোর ভোটে আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
তবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। ২০২৫ সালের জুলাইয়ে ডব্লিউএইচও তাঁকে বেতনবিহীন ছুটিতে পাঠায়। পদত্যাগের আগ পর্যন্ত সেই ছুটিতেই ছিলেন তিনি।
সম্প্রতি তাঁর আইনজীবীরা ডব্লিউএইচওকে দেওয়া এক চিঠিতে জানান, চীন সফর নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগটি মূলত একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে তৈরি হয়েছে। ওই ঘটনায় অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার।
শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগও নাকচ করেছেন সায়মা ওয়াজেদ। তাঁর দাবি, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন এবং এ বিষয়ে ডব্লিউএইচওর মহাপরিচালককে আগেই অবহিত করেছিলেন।
পদত্যাগপত্রে বাংলাদেশে একটি জমির প্লট অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগের কথাও উল্লেখ করেন সায়মা ওয়াজেদ। তাঁর দাবি, ডব্লিউএইচওতে দায়িত্ব নেওয়ার আগেই তিনি ওই জমি অধিগ্রহণ করেছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি জমিটির অধিকার পেয়েছিলেন।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অভিযোগ করেন, দায়িত্ব পালনে তাঁকে কার্যকরভাবে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় বেতন না পাওয়ায় তাঁর আর্থিক পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে সায়মা ওয়াজেদ নতুন করে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, ডব্লিউএইচওর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি। সংস্থাটি এর আগে জানিয়েছিল, তিনি ছুটিতে রয়েছেন এবং গোপনীয়তার কারণে তাঁর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান