প্রিন্ট এর তারিখঃ Oct 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2026 ইং
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নোটিশ

পায়ে চালিত বা প্যাডেল রিকশা বন্ধ করে নিরাপদ ব্যাটারিচালিত রিকশা চালুর জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিবসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দেশের বিপুলসংখ্যক মানুষ দৈনন্দিন যাতায়াতে রিকশা ও গণপরিবহনের ওপর নির্ভরশীল। কিন্তু অর্থনৈতিক সংকট ও বিকল্প কর্মসংস্থানের সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ বাধ্য হয়ে প্যাডেল রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
দীর্ঘ সময় ধরে যাত্রী বহন করে রিকশা চালানোর ফলে শ্রমজীবী এসব মানুষের শারীরিক ক্ষয়ক্ষতি, পেশি ও অস্থিসন্ধির বিভিন্ন সমস্যা এবং অকাল বার্ধক্যের ঝুঁকি তৈরি হচ্ছে বলেও নোটিশে দাবি করা হয়েছে।
আইনি নোটিশে আরও বলা হয়, প্রযুক্তির বিকাশের সঙ্গে স্থানীয় পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তাই এটি নিষিদ্ধ না করে গতি নিয়ন্ত্রণ, কার্যকর ব্রেক, মানসম্মত ব্যাটারি, নিরাপদ কাঠামো এবং বৈজ্ঞানিক চার্জিং ব্যবস্থার মতো বিষয় অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।
অন্যদিকে, দেশের মোট জনসংখ্যার তুলনায় অল্পসংখ্যক মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলেও এসব গাড়ি সড়কের উল্লেখযোগ্য অংশ দখল করে রাখে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আমদানিনির্ভর জ্বালানি ব্যবহারের কারণে অর্থনীতিতে বাড়তি চাপ এবং ব্যক্তিগত গাড়ির ধোঁয়ায় বায়ুদূষণ বাড়ছে বলেও দাবি করা হয়।
জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতির স্বার্থে ব্যক্তিগত গাড়ির ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং উচ্চহারে পরিবেশ কর আরোপের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি রাইড শেয়ারিং, রেন্ট-এ-কার ও মিটারভিত্তিক পরিবহন সেবাকে উৎসাহিত করার প্রস্তাব রাখা হয়েছে।
নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্যাডেল রিকশা বন্ধ, নিরাপদ ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা প্রণয়ন এবং ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও আইনি নোটিশে সতর্ক করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান