প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2026 ইং
মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে আনন্দ মিছিল বের করার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর অনুসারীদের। কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
একপর্যায়ে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত চোখের নিচে আঘাত পান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে দুই পক্ষের লোকজনকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ওসি (তদন্ত) চোখের নিচে সামান্য আঘাত পেয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান