প্রিন্ট এর তারিখঃ Oct 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2026 ইং
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে যান তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
সমাধিস্থলে পৌঁছে তারেক রহমান প্রথমে ফাতেহা পাঠ করেন। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। কর্মসূচি শেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মুনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দিনটি দলটির প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে পালিত হয়ে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান