প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2026 ইং
নেপালে বন্যায় ভেসে আসা নারীর মরদেহ থেকে স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২

চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধারকাজ চলার মধ্যেই এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নেপালের পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, বন্যার পানির মধ্যে থেকে কাঠের একটি তক্তা ও নারীর চুল ধরে একটি মরদেহ তীরে তোলার চেষ্টা করছেন দুই ব্যক্তি। পরে তাদের একজন মরদেহটির দুই কানের দুল খুলে পাশে রাখতে দেখা যায়।
ঘটনার সময় আশপাশে কয়েকজন মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করছিলেন।
ভিডিওটি পুলিশের নজরে আসার পর নেপাল পুলিশ সেটি পুনরায় প্রকাশ করে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে। পরে চিতওয়ান পুলিশ জানায়, ভিডিওটির দৃশ্য সাম্প্রতিক বন্যার সময় নারায়ণী নদীতে ভেসে আসা এক নারীর মরদেহকে ঘিরে ধারণ করা হয়েছিল।
ভিডিও বিশ্লেষণ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে পুলিশ ২৫ বছর বয়সী মদন গুরুং এবং ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করে। নেপালের সংবাদমাধ্যম খবরহাবের বরাতে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভরতপুর মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের পোখারা বাস পার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নেপাল পুলিশ জানিয়েছে, দুর্যোগের সুযোগ নিয়ে মানুষের সম্পদ লুটপাট কিংবা মৃতদেহের সঙ্গে কোনো ধরনের অমানবিক আচরণ কঠোরভাবে দমন করা হবে। সংকটের এই সময়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্কও করেছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান