প্রিন্ট এর তারিখঃ Aug 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2026 ইং
ছাত্রীকে চেম্বারে নেওয়ায়’ রাবির অধ্যাপক বরখাস্ত

যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি জানান, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৮তম সভায় অধ্যাপক প্রভাষ কুমারকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটিগুলোর সুপারিশ পর্যালোচনা করেই সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।
তবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন অধ্যাপক প্রভাষ কুমার। তার দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং তদন্ত প্রক্রিয়ায় নিজের বক্তব্য যথাযথভাবে উপস্থাপনের সুযোগ পাননি। তার ভাষ্য, তদন্ত কমিটিতে নিজের প্রতিনিধি রাখার জন্য তিনি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও কোনো সাড়া পাননি।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ তার অভিযোগ নাকচ করে বলেন, যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত কমিটিগুলো বিষয়টি পর্যালোচনা করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে অধ্যাপকের প্রতিনিধি দেওয়ার সুযোগ থাকলেও তিনি প্রতিনিধি দেননি। তবে বিভিন্ন সময়ে লিখিতভাবে নিজের বক্তব্য দিয়েছেন। উচ্চতর কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করেছে।
অভিযোগের সূত্রপাত গত বছরের ৪ আগস্ট। ওই সময় নিজ বিভাগের এক ছাত্রীকে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে অধ্যাপক প্রভাষ কুমারের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার দাবি করে ওই শিক্ষার্থীর মা ১৩ আগস্ট বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখতে বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হয়।
এরই মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ সেপ্টেম্বর অধ্যাপক প্রভাষ কুমারকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।
সর্বশেষ তদন্ত ও সুপারিশের ভিত্তিতে এবার তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান