প্রিন্ট এর তারিখঃ Aug 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2026 ইং
মুলাদীর সফিপুর ইউনিয়নে চাঁদাবাজি ও হামলার অভিযোগে আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক | বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামে চাঁদাবাজি, হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন একই গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামান সরদার।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে বাদীর বসতঘরের সামনে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে উপস্থিত হয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এ সময় বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় রাজিব ফরাজী, নান্নু খান, আফজাল খান, সোহান খান, মোরশালিনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। পাশাপাশি আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
বাদীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়সহ নানা ধরনের অপকর্মে জড়িত। সর্বশেষ এ ঘটনাকে কেন্দ্র করে তিনি আদালতের দ্বারস্থ হন।
মামলায় দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩৮৫, ৩৮৭, ৩০৭, ৩৫৪ ও ৫০৬(২) ধারাসহ প্রযোজ্য অন্যান্য ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।
এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান