প্রিন্ট এর তারিখঃ Aug 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2026 ইং
কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ঢাকার কেরানীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকায় জাকির হোসেনের মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. আমির হোসেন রনি (৪০), মানিকগঞ্জ সদর উপজেলার মো. সেলিম ভান্ডারী (৪২), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. মান্নান (৪২) এবং মানিকগঞ্জ পৌরসভার মো. এজাজ (৪০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আব্দুল আওয়াল ঝন্টুর কাছ থেকে ২৫০ পিস, আমির হোসেন রনির কাছ থেকে ১০০ পিস, সেলিম ভান্ডারীর কাছ থেকে ১০০ পিস, মো. মান্নানের কাছ থেকে ২০০ পিস এবং মো. এজাজের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৭০০ পিস ইয়াবা।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই প্রদীপ চন্দ্র দাস ও এসআই মো. তানভীর হোসেন ভূইয়াসহ ডিবির একটি দল অংশ নেয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার পাঁচজনই পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান