প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্যোগের মধ্যেই ঢাকায় সফরে এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন।
সরকারের একটি সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছেন তিনি। তবে সফরটি নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পরাগ জৈন ও তার প্রতিনিধি দলের সদস্যরা। সফরকালে ঢাকার একটি হোটেলে তাদের অবস্থানের কথা রয়েছে।
প্রতিনিধি দলে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
পরাগ জৈন ‘র’-এর সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ঢাকায় আসার আগে পরাগ জৈন চীন সফর করেছেন বলে জানা গেছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তার এই ঢাকা সফরকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান