প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 6, 2026 ইং
দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে ওয়ালটন শোরুমের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আপেল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. শাহিন মিয়া (২৭)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার ঘোষকান্দা এলাকার বাসিন্দা। তল্লাশিকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান