প্রিন্ট এর তারিখঃ Aug 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 4, 2026 ইং
বাদশা হত্যার দ্রুত বিচার দাবিতে আদাবরে যুবদল ও সহযোগী সংগঠনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আদাবর এলাকায় নিহত বাদশা (বাশার) হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদাবর থানা যুবদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন অভিযুক্ত এখনো এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তাদের দাবি, এসব অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।
নিহত বাদশার স্ত্রী স্মৃতি আক্তার অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে তিনি বিভিন্ন মহল থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এ বিষয়ে তিনি আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।
উল্লেখ্য, গত ১ জুন ২০২৬ নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা দেখতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বাদশা (বাশার)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাদশার বাড়ি বৃহত্তর ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে আদাবর এলাকায় বসবাস করতেন। পরিবারের দাবি, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বাদশার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার রেখে যাওয়া দুই সন্তানকে নিয়ে পরিবার অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরিবারের সদস্যরা বলেন, আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
স্থানীয় বাসিন্দারাও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, নিহতের পরিবার নতুন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং পরিবার ন্যায়বিচার পায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান