প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 30, 2026 ইং
ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক

ভর্তির সুযোগ না পাওয়ার পর ভারতের দুই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান—Indian Institute of Technology Kanpur ও Indian Institute of Technology Madras–এর ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেন এক তরুণ। তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে তার দক্ষতা যাচাইয়ের জন্য বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কানপুর।
জানা গেছে, সাইবার সিকিউরিটিতে নতুন চালু হওয়া ব্যাচেলর কোর্সে আবেদন করেছিলেন ওই তরুণ। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ার পর তিনি দুটি ওয়েবসাইটে একটি বার্তা রেখে যান। সেখানে লেখা ছিল, "এই সাইট হ্যাক করা হয়েছে। আমার শুধু একটি ন্যায্য সুযোগ প্রয়োজন।"
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রিনশট প্রকাশ করে তিনি দাবি করেন, কারও ক্ষতি করার উদ্দেশ্যে নয়; বরং নিজের প্রযুক্তিগত দক্ষতা প্রমাণ করতেই এ কাজ করেছেন। তার অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও ভর্তি প্রক্রিয়ার হ্যাকাথন ধাপে অংশ নেওয়ার সুযোগ পাননি।
আইআইটি কানপুরের পরিচালক জানান, আবেদনকারীর পূর্ব অভিজ্ঞতা নির্ধারিত মানদণ্ড পূরণ না করায় তাকে নির্বাচিত করা সম্ভব হয়নি। এছাড়া চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও ইতোমধ্যে শেষ হয়েছে।
তবে ঘটনাটিকে ইতিবাচকভাবে বিবেচনা করে প্রতিষ্ঠানটি ওই তরুণকে ক্যাম্পাসে ডেকে বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে। পরীক্ষায় যোগ্যতা প্রমাণ করতে পারলে আগামী শিক্ষাবর্ষে ভর্তির বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি তাকে সাইবার নিরাপত্তার নৈতিক ও আইনি দিক সম্পর্কেও অবহিত করবেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সূত্র: এনডিটিভি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান