প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2026 ইং
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগ-পরবর্তী পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বক্তব্য দেবেন।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত হলেও পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও রাষ্ট্রপতির দায়িত্বে বহাল ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রাষ্ট্রপতির পদ নিয়ে নানা রাজনৈতিক বিতর্ক, অপসারণের দাবি ও পদত্যাগের জোরালো আলোচনা শুরু হয়। সে সময় বিভিন্ন কারণে তিনি দায়িত্বে বহাল থাকলেও পরবর্তী সময়ে একাধিকবার তার পদত্যাগের গুঞ্জন ওঠে।
সবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এখন এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে বিকেলের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান