প্রিন্ট এর তারিখঃ Aug 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2026 ইং
শাড়ি কিনে না দেওয়ায় ভারতে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে পি'টিয়ে হত্যা

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর পূর্ব এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া তর্কের একপর্যায়ে স্ত্রী প্রথমে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে আঘাত করেন, পরে শ্বাসরোধ করে হত্যা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিহতের নাম হরে রাম কিষাণজী সিংহ (৩৫)। অভিযুক্ত সুনীতাদেবী হরে রাম সিংহ (৩০) বিহারের রোহতাস জেলার বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই নিজেদের বাসায় শাড়ি কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ, একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে আঘাত করেন এবং পরে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করেন।
ঘটনার পর এটি স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন অভিযুক্ত। এ কারণে শুরুতে পুলিশ অপমৃত্যুর মামলা করে তদন্ত শুরু করলেও ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসে।
বদলাপুর পূর্ব থানার জ্যেষ্ঠ পরিদর্শক নিতিন পাতিল জানান, মেডিকেল প্রতিবেদনে জোরপূর্বক শ্বাসরোধের (ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া) বিষয়টি নিশ্চিত হওয়ার পর তদন্তের গতি পরিবর্তন করা হয়। পরে নিহতের স্বজন ও বাড়ির মালিকের বক্তব্যের ভিত্তিতে সন্দেহের তীর স্ত্রীর দিকে যায়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান